নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম
দেশে প্রথমবারের মতো সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে সরকার। এতে দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
ঈদ উপহার পেয়ে এক নারী পরিচ্ছন্নতা কর্মী বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ১৪ বছর ধরে এই কাজ করছি, কিন্তু এবারই প্রথম সরকারি ভাতা হিসেবে ৫ হাজার টাকা পেলাম। নতুন সরকার এসে আমাদের সুযোগ-সুবিধা দিয়েছে, এতে আমরা অনেক খুশি। আমরা চাই, আমাদের দায়িত্বও আরও সুন্দরভাবে পালন করতে।
তিনি আরও বলেন, জীবনে কোনো সময় এমন সহায়তা পাইনি। এই প্রথম পেলাম, তাই আনন্দটা অন্যরকম। এটাই আমাদের জন্য ঈদের বড় উপহার।
আরেক কর্মী জানান, ১২-১৩ বছর কাজ করেও আগে কখনো তারা কোনো সরকারি আর্থিক সহায়তা পাননি। এবার টাকা পেয়ে পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, এই টাকা আমাদের জন্য অতিরিক্ত পাওয়া এক বড় আনন্দ।
পরিচ্ছন্নতা কর্মী সাকিল বলেন, এই ৫ হাজার টাকা দিয়ে তিনি পরিবারের জন্য ঈদের কেনাকাটা করবেন। সরকারের এই উদ্যোগে পাশে দাঁড়ানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দেশের পাঁচটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এদিন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৭ হাজার ১৫১ জন পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া মোট প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে সরকারের ঈদ উপহার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। নগরীর ৪১টি ওয়ার্ডের কর্মীরা এ সুবিধা পান।
এমআর/এএইচ