নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম
দীর্ঘ নয় মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে বেতন-ভাতা ও বোনাস পরিশোধ না করলে মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে গ্লোব জনকণ্ঠ শিল্পপরিবারের ভবনে এই অবস্থান কর্মসূচি চলছে।
জনকণ্ঠের সাংবাদিকরা জানান, চলতি মার্চ মাসের ৫ তারিখের মধ্যে বকেয়া পরিশোধ এবং ১৫ মার্চের মধ্যে ঈদের বোনাস দেওয়ার কথা থাকলেও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান তা পরিশোধে ব্যর্থ হয়েছেন। এর ফলে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় জনকণ্ঠের কয়েকশ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বারবার পাওনা পরিশোধের নির্দিষ্ট তারিখ দেওয়ার পরও কর্তৃপক্ষ তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা সাধারণ সংবাদকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।
আন্দোলনকারীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ অব্যাহত থাকবে। বেতন সংকটের কারণে সৃষ্ট এই স্থবিরতায় পত্রিকাটির স্বাভাবিক প্রকাশনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জনকণ্ঠের সাংবাদিকরা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান সব বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ না করলে তার বাসভবন ঘেরাও করা হবে।
এমএইচ/ক.ম