জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
এবারের ঈদযাত্রাকে সুষ্ঠু ও সুন্দর করতে পুরো পুলিশ বাহিনী নিয়োজিত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।
ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে পুলিশ তৎপর জানিয়ে তিনি বলেন, এবার সারাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিট কাজ করবে। পুরো ফোর্স এখানে নিয়োজিত থাকবে।
কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে পুলিশপ্রধান বলেন, কোনো থ্রেট নেই। তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সঙ্গে কম্প্রমাইজ করা হবে না।
ঢাকার অলিগলিতে বাস কাউন্টার গজিয়ে উঠেছে, এতে যানজট সৃষ্টি হচ্ছে। বিষয়টি নজরে আনলে আইজিপি বলেন, আমি যোগদানের পরের দিনই বলেছি, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো গাড়ির কাউন্টার থাকা যাবে না। এখানে কিন্তু এই জিনিসগুলা রিমুভ করার জন্য আপনাদের আমাদের সবার প্রচেষ্টা দরকার।
এসময় তিনি এই সমস্যা সমাধানের জন্য বাস টার্মিনালগুলোকে একমুখী না করে ডিসেন্ট্রালাইজড করে দেওয়ার পরামর্শ দেন সরকারকে। তাহলে যাত্রীর চাপ কমবে বলে মনে করেন তিনি।
আইন না জানাও অপরাধ জানিয়ে আইজিপি বলেন, প্রচলিত আইন জানা আমাদের অধিকার। এগুলো সিটিজেন রাইটস। এগুলো জানা আপনার আমার দায়িত্ব। আইন না জানাও কিন্তু অপরাধ। আইন জানার দায়িত্ব নিজের। আপনার প্রথম দায়িত্ব নাগরিক হিসেবে আইন পড়তে হবে, জানতে হবে।
এমআইকে/জেবি