জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে বিচারে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে স্পেশাল মহানগর ম্যাজিস্ট্রেট পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ এর অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের কারাদণ্ড, ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আটটি সিআর মামলা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধগুলো নিয়ন্ত্রণে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।
এমআইকে/এএইচ