জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।
সোমবার মেজর মো. তছিব মাহমুদ অভি (ওসি অ্যান্ড এস)-এর নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসির সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম সম্পর্কেও তাঁদের অবহিত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এ ধরনের পরিদর্শনের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী ও সিটিটিসির মধ্যে পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার হবে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে উভয় ইউনিটের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তারা সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।
পরিদর্শনকালে সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত সব কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
এমআইকে/এআর