নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
জাতীয় সংসদ নির্বাচনে সামগ্রিক অংশগ্রহণ সন্তোষজনক হলেও নারী নেতৃত্বের ক্ষেত্রে পিছিয়ে থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার।
সোমবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নারী দিবস উপলক্ষ্যে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এক অনুষ্ঠানে এসব বিষয় সামনে আনেন ইসি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা ইতিহাসের সেরা নির্বাচন করেছি। তবে নারী নেতৃত্বের আমরা ভালো করি নাই। তবে ভবিষ্যতে নারী ও পুরুষ নেতৃত্বে জনপ্রতিনিধিসহ সব ক্ষেত্রে ফিফটি-ফিফটি হবে ইনশাআল্লাহ।
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, নারী নেতৃত্ব সমাজের সব ক্ষেত্রে দিতে হবে। নারী-পুরুষ কিন্তু আলাদা নয়। নারী উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নারী উন্নয়ন নিশ্চিত হবে। সুশাসন ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা হলেই আমাদের উন্নয়ন হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এবার নির্বাচনের প্রক্রিয়ায় ভোটার থেকে পোলিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব ক্ষেত্রে অংশগ্রহণ ভালো ছিল। শুধুমাত্র নির্বাচনে নারী অংশগ্রহণ ভালো ছিল না। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারীদের অংশগ্রহণ ভালো ছিল। তবে প্রার্থী হিসাবে তা হতাশাজনক ছিল। ভবিষ্যতে তা আরো বাড়বে বলে আমি আশা করি। আমরা নির্বাচন কমিশন থেকে আশা করব স্থানীয় সরকার নির্বাচনে নারীর নেতৃত্ব বাড়বে। আমদের সংরক্ষিত যে ৫০টি আসন রয়েছে সেখানেও সরাসরি নির্বাচন হলেও নারীর অংশগ্রহণ বাড়বে।
ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নারীদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া উচিত।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যরাও উপস্থিত ছিলেন। ইউএনডিপি নির্বাচন কমিশনের একটি উন্নয়ন সহযোগী। বিভিন্ন নির্বাচনে সংস্থাটি ইসিকে নানাভাবে সহায়তা দেয়।
এমএইচএইচ/এফএ