images

জাতীয়

রিকশাচালক হত্যার অভিযোগে উত্তাল উত্তরা, সংঘর্ষ ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ এএম

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় উত্তরা এলাকার একটি বাণিজ্যিক ভবনের সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরে সেনাবাহিনী ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরা এলাকায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে তার মরদেহ ভবনের ভেতরে গুম করা হয়েছে-এমন অভিযোগ ছড়িয়ে পড়লে রিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা ওই ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং ভবনটিতে ভাঙচুর চালান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষুব্ধদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থলের আশপাশে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, একজন নিখোঁজ থাকার কথা শোনা গেলেও এখন পর্যন্ত তার নাম-ঠিকানা নিশ্চিত করা যায়নি। কেউ নিহত হয়েছেন কিনা সেটিও নিশ্চিত নয়।

তিনি বলেন, বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এমআর/এমআই