নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনি প্রচার শুরু হবে আগামী সোমবার (১৬ মার্চ)। ইতিমধ্যে রোববার (১৫ মার্চ) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ দুই আসনে মোট ছয়জন প্রার্থী আগামীকাল সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে।
শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করার ফলে এ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।
অন্যদিকে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী।
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।
এমএইচএইচ/ক.ম