images

জাতীয়

জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সকল জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। 

সভায় প্রতিমন্ত্রী অমিত যেসব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার দিয়েছেন
 
# প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুদ যাচাই করে রিপোর্ট প্রদান।
# ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দকৃত জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।
# সকল কাস্টমারদের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাক্ড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।
# পেট্রোল পাম্প বন্ধ হলে কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা। 
# অবৈধ মজুতদারি রোধ করা।
# তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
# জ্বালানি তেলের পাচার বন্ধ করা। 
# অধিক মূল্যে যাতে জ্বালানি তেল বিক্রয় না করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। 
# জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।

এছাড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কষ্ট যাতে না বাড়ে আন্তরিকভাবে  সেই চেষ্টা করে যাচ্ছে। 

সবাইকে এ ব্যাপারে সচেতন থেকে আরও দৃড়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। 

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়কল্পে কিছু নির্দেশনা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। তার মধ্যে রয়েছে-

# বিপনি-বিতানে ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা না করা।
# শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার চেয়ে বেশি রাখা।
# দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখা।

এদিনের সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপত, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিদ্যুত ও জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী জ্বালানি সরবরাহ সাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেন। 

নেতৃবৃন্দ আশ্বস্ত করেন, পরস্পরিক আলোচনা ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে। মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলেও তারা প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

এএইচ