জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (১৪ মার্চ) রাতে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
এপিবিএন জানায়, ওই যাত্রীকে তল্লাশী করে তার কাছ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ পাওয়া যায়। বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাইরে পাকা রাস্তার ওপর থেকে রাসেল আহমেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে অফিসে নিয়ে এসে শরীর তল্লাশী করলে তার কাছে থাকা কাঁধব্যাগ থেকে স্বর্ণ ও ডিভাইসগুলো উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।
রাসেল আহমেদ জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও মালামালগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত নামে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এয়ারপোর্ট এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সব সময়ই সক্রিয় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন সব সময়ই বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।
এমআইকে/এএইচ