images

জাতীয়

ভুয়া পরিচয় রোধে সিআইডিতে আধুনিক ও কিউআর কোডযুক্ত ডিউটি ভেস্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

ভুয়া সিআইডি পরিচয় রোধ করতে আধুনিক ও কিউআর কোডযুক্ত ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে অপরাধী চক্র সিআইডি সদস্য পরিচয় দিয়ে তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক প্রতারণার মতো ঘটনা রোধ করা যাবে।

‎রোববার (১৫ মার্চ) সিআইডি তাদের ফেসবুক একাউন্টে পোস্টের মাধ্যমে এমন তথ্য জানায়।

‎সিআইডি জানায়, বর্তমান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সকল পর্যায়ের কর্মকর্তাদের জন্য আধুনিক ও উন্নতমানের অফিসিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু করেছে। অপরাধী চক্র সিআইডি সদস্য পরিচয় দিয়ে তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটিয়েছে।

সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কয়েকটি ঘটনা নজরে আসে। নতুন এই অফিসিয়াল ডিউটি ভেস্ট প্রকৃত সদস্য শনাক্তকরণ সহজ করবে এবং ভুয়া পরিচয়ে প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আরও জানায়, ডিউটি ভেস্টে সংযোজিত কিউআর কোড স্ক্যান করে সিআইডি সদর দফতরের সঙ্গে যোগাযোগ স্থাপনপূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা যাবে।

Cid-2কিউআর এর ফলে কেউ ভুয়া ভেস্ট তৈরি করে প্রতারণার চেষ্টা করলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এছাড়াও, ডিউটি ভেস্টে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট সংযোজন করা হয়েছে। অন্ধকার বা স্বল্প আলোতে এগুলো প্রতিফলিত হয়ে দূর থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এতে যানবাহনের হেডলাইট বা স্বল্প আলোতেও সদস্যদের উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং আভিযানিক কার্যক্রমে দ্রুত শনাক্তকরণ ও সমন্বিত পরিচালনা সহজ হয়।

‎‎সিআইডি আরও জানায়, দীর্ঘ সময় দায়িত্ব পালনের উপযোগী করে আরামদায়ক ও পরিবেশ-সহনশীল উপকরণে ডিউটি ভেস্টটি প্রস্তুত করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে। পাশাপাশি বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে, যা ইউনিটের স্বাতন্ত্র্য ও প্রাতিষ্ঠানিক পরিচিতিকে আরও সুস্পষ্ট করেছে।

‎‎সিআইডি প্রধান জানান, পর্যায়ক্রমে  সিআইডির সকল ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে। আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় এটি পরিধানের নির্দেশ প্রদান করা হয়েছে।

‎‎একেএস/