জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
রাজধানীতে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছিল একটি চক্র। সামনে ঈদকে কেন্দ্র করে এবার চক্রের একটি গ্রুপ মদের চালান মজুত করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে ৬৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন— গাউসুল আজম প্রিন্স (৩৪) এবং মো. আবদুর রহমান (৩৭)। তারা মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের মদসহ গ্রেফতার করা হয়।
রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপরিচালক মো. মেহেদী হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাসায় অভিযান চালানো হয়। এসময় বাসার ভেতরে তল্লাশীকালে ঘরের এক কোণে রাখা চারটি ট্রাভেল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়্যাল স্ট্যাগ, আইস ভদকা, ব্লেন্ডার্স প্রাইড এবং ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের মদ। প্রতিটি বোতল ৭৫০ মিলিলিটার হিসেবে মোট প্রায় ৪৮ লিটারের বেশি বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই বাসাটি ভাড়া নিয়ে গোপনে বিদেশি মদ মজুত করে পাইকারি ও খুচরা বিক্রি করছিল। গাউসুল আজম প্রিন্স মূলত মোহাম্মদপুর এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি মদ পাইকারী ও খুচরা ব্যবসায়ের মূল হোতা। অন্যদিকে আবদুর রহমান ময়মনসিংহ-নেত্রকোনাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় মদ সংগ্রহ করে ঢাকায় গাউসুল আজম প্রিন্সের কাছে পৌঁছে দিতেন। ঈদকে সামনে রেখে চাহিদা বাড়ার সুযোগ নিতে তারা বড় চালান সংগ্রহ করে রেখেছিলেন তারা।
গত জানুয়ারিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভেজাল মদের কারখানা সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এমআইকে/এফএ