Dhaka Mail Logo

জাতীয়

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

ডাক বিভাগ একটি সেবামুখী প্রতিষ্ঠান হওয়ায় জনগণের আস্থা অর্জনই এর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সেবার মান উন্নত করা গেলে ডাক বিভাগের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে।
 
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা জিপিও পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব বলেন।
 
মন্ত্রী বলেন, ঢাকা জিপিও দেশের ডাক বিভাগের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও কার্যকর রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডাক বিভাগকে আরও আধুনিক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
 
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ডাক বিভাগের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি যেন যথাযথভাবে ব্যবহৃত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় মেরামত এবং সঠিক ব্যবহারের উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ সম্পদ নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। প্রয়োজনে অর্থায়নসহ অন্যান্য সহযোগিতা দিতে মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
 
পরিদর্শনকালে মন্ত্রীকে জিপিওর সার্বিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং অবকাঠামোগত বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। 

ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী বিটিসিএলের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
 
এএইচ/ক.ম