images

জাতীয়

আ.লীগের ধ্বংস করা এভিয়েশন খাত পুনরুদ্ধার কঠিন: বিমান প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের সময় এভিয়েশন খাতকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে তা পুনরুদ্ধার করা কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে একটি অভিজাত ক্লাবে এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত উইমেনস আইকন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার। 
 
রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের উন্নয়নে বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা আপনারা জানেন আমরাও কাজ করছি। এটার লুক পর্যায়ে আছে। এগুলিকে সেরে উঠতে আরো একটু অধিকতর ভালো করার জন্য আমরা চেষ্টা করছি। যেখানে যা করা দরকার সেগুলি নিয়ে আমরা কাজ করছি। 

প্রতিমন্ত্রী বলেন, এই খাতগুলোকে আরো আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। কারণ বিগত সরকারের আমলগুলোতে এমনভাবে এই সেক্টরকে ধ্বংস করা হয়েছে সেটাকে পুনরুদ্ধার করা একটু কঠিনই হয়ে পড়েছে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, দেশে নারী ক্ষমতায়নের যে অগ্রগতি আজ দেখা যায় তার ভিত্তি অনেক আগেই স্থাপিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি শিক্ষা ও কর্মস্থানে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন জাতীয় উন্নয়নের অগ্রাধিকারী হিসেবে প্রাধান্য দেন। তার সময়ে শিক্ষা কর্মসংস্থানসহ প্রশাসন, স্বাস্থ্য, শিল্প ও সেবা খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। 

‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু এটাতেই বিশ্বাস করেন এবং নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি প্রথমেই ফ্যামিলি কার্ড চালু করলেন, যাতে করে প্রত্যেকটি প্রান্তিক পর্যায়ের নারী পর্যন্ত স্বাবলম্বী হয়। একটু হলেও সহযোগিতা করতে পারে সমাজে অথবা অর্থিকভাবে একটু মজবুত হতে পারে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলার জিএম ও ঢাকা পোস্ট সম্পাদক কামরুল ইসলাম, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সাবেক বেবিচক চেয়ারম্যান একেএম মফিদুর রহমান, এটিজেএফবি সম্পাদক বাতেন বিপ্লবসহ এভিয়েশন ও ট্যুরিজম বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

এমআইকে/ক.ম