images

জাতীয়

যাত্রীর চাপ নেই কল্যাণপুর বাসস্ট্যান্ডে

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে যাত্রীদের তেমন চাপ নেই। তবে আগামী সোমবার থেকে যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছে বাস কর্তৃপক্ষ।

শনিবার (১৪ মার্চ) কল্যাণপুর বাসস্ট্যান্ডে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা যাত্রী পাওয়ার আশায় হাঁকডাক করছেন। মাঝেমধ্যে দু-একজন যাত্রী এসে টিকিট কাটছেন। তবে বেশিরভাগ যাত্রীই অগ্রিম টিকিট কেটে বাসস্ট্যান্ডে এসেছেন। সুনাম রয়েছে এমন কিছু বাস ছাড়া অন্য বাসগুলোর আজকের বেশিরভাগ সিট ফাঁকা যাচ্ছে। তবে রাতে বাসের কোনো টিকিট নেই বলেও জানিয়েছেন কাউন্টারগুলোর দায়িত্বপ্রাপ্তরা।

কল্যাণপুরে শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার বলেন, গত কয়েকটি ঈদ থেকেই চাকরিজীবীরা লম্বা ছুটি পাচ্ছেন। এ ছাড়া ইতোমধ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোও ছুটি হয়ে গেছে। ছাত্রছাত্রীদের বেশিরভাগই রাজধানী ছেড়েছেন। এ কারণে যাত্রীরা ধাপে ধাপে বাড়ি ফিরছেন, তাই কাউন্টারে যাত্রীদের চাপ কম। তবে আগামী সোমবার (১৬ মার্চ) থেকে যাত্রীদের চাপ বাড়বে, যা ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

কল্যাণপুরের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার আকাশ সিকদার বলেন, এই সময়ে অনেক যাত্রী অনলাইনে টিকিট কেনেন। ফলে কাউন্টারে তেমন ভিড় হয় না। এ ছাড়া অনলাইনে টিকিট বিক্রির কারণে কেউ চাইলেও অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। এ বিষয়টি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুরগামী যাত্রী হেলাল বলেন, কয়েকদিন আগে আমাদের ছুটি হয়েছে। কিছু কাজ হাতে থাকায় একটু দেরিতে বাড়ি ফিরছি। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দেওয়ায় নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছি।

K

বগুড়াগামী যাত্রী আকাশ বলেন, এবার লম্বা ছুটি পাওয়ায় অনেক চাকরিজীবীর পরিবারের সদস্যরা আগেই বাড়ি ফিরেছেন। এজন্য তুলনামূলকভাবে বাসস্ট্যান্ডগুলো ফাঁকা। তবে ছুটি শুরু হলে চাপ বাড়তে পারে।

বাস কাউন্টারগুলোর তথ্য মতে, ঢাকা-নওগাঁ নন-এসি বাসের ভাড়া ৬৯০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৭০০ থেকে ২০০০ টাকা। ঢাকা-গাইবান্ধা নন-এসি বাসের ভাড়া ৭৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৮০০ থেকে ২০০০ টাকা। ঢাকা-রংপুর নন-এসি বাসের ভাড়া ৮৭০ টাকা এবং এসি বাসের ভাড়া ২০০০ থেকে ২৫০০ টাকা। ঢাকা-দিনাজপুর নন-এসি বাসের ভাড়া ৯২০ টাকা এবং এসি বাসের ভাড়া ২৫০০ টাকা। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ নন-এসি বাসের ভাড়া ৮৩০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৬০০ থেকে ২০০০ টাকা। এ ছাড়া ঢাকা-পঞ্চগড় নন-এসি বাসের ভাড়া ১২০০ টাকা, ঢাকা-নীলফামারী নন-এসি বাসের ভাড়া ১০৫০ টাকা এবং ঢাকা-কুড়িগ্রাম নন-এসি বাসের ভাড়া ১০৬০ টাকা।


এমএইচএইচ/এফএ