images

জাতীয়

স্পিকার, ডেপুটি স্পিকারসহ সকল সংসদ সদস্যকে ড. ইউনূসের অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

নব নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সকল সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
 
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি সারিতে আসন গ্রহণ করে অধিবেশনের সূচনা বক্তব্য শুনেছেন প্রফেসর ইউনূস। জাতীয় সংসদ দেশকে সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াতসহ বিরোধী দলগুলোর প্রতিবাদ, হট্টগোল আর ওয়াক আউটের মধ্য দিয়ে গতকাল শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ এবং বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনের কার্যক্রম। ১২ মার্চ বেলা ১১টায় শুরু হয়ে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার পর রোববার (১৫ মার্চ) পর্যন্ত অধিবেশন মুলতবি করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ওই দিন বেলা ১১টায় পুনরায় অধিবেশন বসবে।

এদিন অধিবেশনের শুরুতে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে মনোনীত করেন। পরে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

অধিবেশনে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই তাদের সংসদ ভবনে ঢুকতে দেখা যায়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকেন।

জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান প্রমুখকে দেখা গেছে।

টিএই/এএস