images

জাতীয়

নতুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয়। এই পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ।

নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন লক্ষীপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান।

পরে কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল।

এর আগে একই প্রক্রিয়ায় সংসদের স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এই পদেও অন্য কেউ না থাকায় হাফিজ উদ্দিন সর্বসম্মতক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগে প্রথম অধিবেশন শুরু হয় স্পিকার ছাড়াই। বিগত স্পিকার পলাতক ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

যদিও স্পিকার হিসেবে কাকে বিএনপি চূড়ান্ত করা হবে তা অধিবেশন শুরুর আগেও জানায়নি বিএনপি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মুক্তিযোদ্ধামন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় ছিলো।

একনজরে কায়সার কামাল

কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ব্যবধানে জয়ী হন কায়সার কামাল। তিনি ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পান। এরপর নতুন মন্ত্রিসভায়ও স্থান পান নেত্রকোনা-১ (সদর-দুর্গাপুর) আসনের এই সংসদ সদস্য।

গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

বিইউ/এমআর