নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সংসদ ভবনে যাতায়াতের কারণে আশপাশের সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে।
এ কারণে সম্ভাব্য যানজট এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানায়, অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধা এড়াতে ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কগুলো হলো হলো-
# ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি-ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
# মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি- মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
# উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে।
# বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
এমআর