জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেড় বছরের অন্তর্বর্তীকালীন সরকারের আমল শেষে নতুন নির্বাচনের পর বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এবারের সংসদ যাত্রা শুরু করছে এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির মধ্য দিয়ে। দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতেই শুরু হতে যাচ্ছে নতুন সংসদের প্রথম বৈঠক।
সংবিধানের ৭৪ ও ৭২(৬) অনুচ্ছেদ অনুযায়ী, নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারেরই পদে বহাল থাকার কথা। কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে থাকায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারান্তরীণ থাকায় শূন্যতা তৈরি হয়েছে। এই জটিলতা কাটাতে বুধবার (১১ মার্চ) ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিকল্প সমাধান চূড়ান্ত করা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির চীফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, সংসদীয় রীতিনীতি ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখেই অধিবেশন শুরু হবে। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভার সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করবেন।
তিনি জানান, অন্য একজন সদস্য সেই প্রস্তাব সমর্থন করলে ওই জ্যেষ্ঠ সদস্য সাময়িকভাবে স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন। মূলত তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিতদের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, জ্যেষ্ঠ সংসদ সদস্য হিসেবে এই প্রথম অধিবেশনের সভাপতিত্বের দৌড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তার অভিজ্ঞতার আলোকেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্পিকার হিসেবে কাকে বিএনপি চূড়ান্ত করেছে তা এখনো জানা যায়নি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মুক্তিযোদ্ধামন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় আছে।
তবে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর স্পিকার হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে। ইতোমধ্যে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্র বলছে।
আর ডেপুটি স্পিকার হিসেবে ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নাম আলোচনায় আছে। অবশ্য বিএনপি জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকার হিসেবে জামায়াতের কাছ থেকে প্রস্তাব চেয়েছে। তবে জামায়াত এখনো কোনো নাম প্রস্তাব করেননি বলে জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কালকের এই অধিবেশনের মাধ্যমেই দেশে নির্বাচিত সরকারের অধীনে সংসদীয় গণতন্ত্রের নতুন পথচলা শুরু হতে যাচ্ছে।
বিইউ/এমআই