জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ মার্চ ২০২৬, ০২:০২ পিএম
আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কুটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
এই অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আগামীকাল ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
আরও পড়ুন: বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, অধিবেশন উপলক্ষে ডাইভারশন পদ্ধতি চলবে। নগরীর বিভিন্ন পয়েন্ট এবং বিকল্প সড়কে এই ডাইভারশন মেনে চলতে নগরবাসীকে তারা অনুরোধ জানিয়েছে।
ডাইভারশন চলাকালে বিকল্প পথে যানবাহন চলাচলের নির্দেশনা
ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড হতে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া অ্যাভিনিউ টু বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া অ্যাভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
উড়োজাহাজ মোড় হতে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে। সকল প্রকার যানবাহন চালকদের আগামীকাল সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এমআইকে/এমআই