জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলগুলোতে এমন ঘটনা ঘটছে। আত্মসমর্পণ করা অনেক চরমপন্থি সদস্য পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি পাবনা-কুষ্টিয়া অঞ্চলে চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চল দখল নিয়ে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন চরমপন্থি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে। এসব অস্ত্র এই অঞ্চলের বালু মহালে আধিপত্য বিস্তারে ব্যবহারের আশঙ্কা রয়েছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অপরাধে জড়িয়ে গেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময়ে র্যাব এককভাবে, আবার কখনো কখনো র্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সম্মিলিতভাবে নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পরিচালিত বড় যৌথ অভিযানের বিষয়ে জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, ওই অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ সদস্য অংশ নেন। এতে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান তৈরির পাইপ, ৩০টি পিস্তলের ম্যাগজিন, ৬১টি কার্তুজ, ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসব অস্ত্র চট্টগ্রাম এলাকা থেকে ঢাকায় আনা হয়। পরে সেগুলো পাবনা অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এ সময় পাবনা জেলার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর (৪৫) এবং রকিব রানা (৫৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
এসময় চরমপন্থি গ্রুপগুলোর সক্রিয় হওয়ার বিষয় তুলে ধরে যৌথ অভিযানে অংশ নেওয়া র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে সর্বহারা ও বিভিন্ন নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের তৎপরতা ছিল।
২০২৩ সালে র্যাব-১২ এর উদ্যোগে প্রায় ৩১৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছিল এবং তাদের পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে।
এমআইকে/এএইচ