images

জাতীয়

ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

বিগম আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব হিসেবে অবসরে যান আমিনুল ইসলাম। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। পরবর্তীতে গত বছর সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান।

আমিনুল ইসলাম তার দীর্ঘ কর্মজীবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার এনডিসি এবং খুলনা জেলায় সহকারী কমিশনার ছিলেন। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০০৫ সালে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা পুরস্কার দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায়।

এর আগে সোমবার (৯ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে ঢাকা ওয়াসার এমডি মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র গ্রহণের পরই ঢাকা ওয়াসার এমডি পদে নতুন দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের ১১ নভেম্বর অন্তর্র্বতী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

বিইউ/এএইচ