নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) থেকে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এতে তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ অবস্থিত প্রবাসী কল সেন্টারে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
এমআর/এমআই