Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

একসঙ্গে কয়টি ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

একসময় একটি মাত্র ফোনেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক থাকলেও মেটার মাল্টি-ডিভাইস ফিচারের সুবাদে এখন সেই নিয়মে বড় পরিবর্তন এসেছে। বর্তমানে একটিমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক ডিভাইসে খুব সহজেই ব্যবহার করা সম্ভব, যা ব্যবহারকারীদের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে।

মেটার নীতিমালা অনুযায়ী, বর্তমানে একটি প্রধান অ্যাকাউন্ট একসঙ্গে মোট ৪টি ভিন্ন ডিভাইসে চালানো যায়। অর্থাৎ আপনি আপনার মূল স্মার্টফোনের পাশাপাশি অতিরিক্ত ডিভাইস হিসেবে ল্যাপটপ, ট্যাবলেট বা অন্য কোনো কম্পিউটারে ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে বড় সুবিধা হলো, এখন একটি প্রধান স্মার্টফোনের পাশাপাশি অতিরিক্ত আরও ৪টি ভিন্ন স্মার্টফোনেও লিঙ্কড ডিভাইস হিসেবে একই অ্যাকাউন্ট সক্রিয় রাখা যায়। এর ফলে মূল ফোনটি ইন্টারনেট সংযোগহীন বা সুইচ অফ থাকলেও অন্য ফোনগুলো থেকে সরাসরি মেসেজ আদান-প্রদান করা সম্ভব হয়।

একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ যুক্ত করার প্রক্রিয়াটিও বেশ সহজ। অতিরিক্ত ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খোলার অপশনে যাওয়ার পর স্ক্রিনে একটি কিউআর কোড প্রদর্শিত হয়। এরপর মূল ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে 'লিঙ্কড ডিভাইস' অপশনে গিয়ে ক্যামেরার সাহায্যে সেই কোড স্ক্যান করলেই অ্যাকাউন্টটি নতুন ডিভাইসে সক্রিয় হয়ে যায়। তবে সুরক্ষার স্বার্থে প্রতি ১৪ দিন পর পর মূল ফোন থেকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে অতিরিক্ত ডিভাইসগুলোর সংযোগ সচল রাখতে হয়।

এজেড