images

জাতীয়

কমলাপুরে সাজসজ্জা, বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ‘বাঁশের বেড়া’

০৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে স্টেশনে করা হয়েছে সাজসজ্জা। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে আগের মতো এবারও দেওয়া হয়েছে বাঁশের বেড়া। এরই মধ্যে শেষ হয়েছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী ১৩ মার্চ ঈদযাত্রা শুরু হবে। ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। 

এবার টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কঠোর অবস্থানে রেলওয়ে সংশ্লিষ্টরা। স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে কয়েক ধাপে করা হবে টিকিট চেকিংয়ের ব্যবস্থা। বিনা টিকিটের যাত্রী পেলেই ফিরিয়ে দেওয়া হবে।

সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগের জায়গায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে। পাঁচটি সরু পথ তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। এই পথ দিয়েই যাত্রীদের সুশৃঙ্খলভাবে প্লাটফর্মে যেতে হবে। মুখে টিকিট যাচাই করবেন ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই)। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও র‌্যাব আলাদা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে৷ এসব কক্ষ ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

646305682_2217044039124510_3514132631943554277_n
কমলাপুর স্টেশনে রেলের যাত্রীদের প্রবেশে শৃঙ্খলা ঠিক রাখতে বাঁশ দিয়ে তৈরি করা সরু পথ। ছবি: ঢাকা মেইল

এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থান জুড়ে সিসি ক্যামেরা রয়েছে। স্টেশন ম্যানেজারের অফিস থেকে পুরো স্টেশন এলাকায় নজর রাখা হয়। এছাড়া স্টেশন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ৷

এদিকে আজ সোমবার (৯ মার্চ) সকালে আগামী ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শেষ হয়েছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন ১৩ মার্চের বিক্রি করা হয়। পরদিন বুধবার ১৪ মার্চ, বৃহস্পতিবার ১৫ মার্চ, শুক্রবার ১৬ মার্চ, শনিবার ১৭ মার্চ এবং গতকাল রোববার বিক্রি হয়েছে ১৮ মার্চের অগ্রিম টিকিট।

এবারের পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে পবিত্র শবে কদরের জন্য এবার ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ১৭ মার্চ থেকে। সব মিলিয়ে ঈদে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হবে ২৩ মার্চ। 

644076700_850957504672330_3521818279226060099_n
যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কমলাপুর রেল স্টেশনে করা হয়েছে সাজসজ্জা। ছবি: ঢাকা মেইল

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার পাঁচ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

এদিকে ঈদের ফিরতি যাত্রায় ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

টিএই/ক.ম