images

জাতীয়

তেলের ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী অনেক ক্ষেত্রে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপো এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পতেঙ্গা-এর প্রধান তেল স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো। এসব স্থাপনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলো।

মন্ত্রণালয় জানায়, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত। তাই এসব স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

এ প্রেক্ষাপটে উল্লিখিত তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এমআর/ক.ম