নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকালে সার্বিক সহযোগিতা দেওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক দল। নির্বাচনকালীন সময়ে ইসির কর্মকর্তাদের পেশাদারিত্ব, সমন্বয় ও দ্রুত সহায়তা তাদের কাজকে সহজ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে পর্যবেক্ষক দলটি এ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় পর্যবেক্ষক দলটির পক্ষ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের নিরাপত্তা বিশেষজ্ঞ রজার ক্লেটনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, সমন্বয়, সহযোগিতা ও দ্রুত সহায়তা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কাজ সহজ করেছে এবং বাংলাদেশের নির্বাচনি পরিবেশ, নীতি ও কার্যপদ্ধতি বুঝতে সাহায্য করেছে।
চিঠিতে বিশেষভাবে সহায়তার জন্য ইসির কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজিজুর আর সিদ্দিকী, রুহুল আমিন মল্লিক ও সহিদ আব্দুস ছালামের নাম উল্লেখ করা হয়েছে। চিঠির শেষে পুরো নির্বাচন কমিশন টিমকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ২০০ এর বেশি পর্যবেক্ষক পাঠিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
এমএইচএইচ/এমআই