images

জাতীয়

ঈদযাত্রা: ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে৷ অগ্রিম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিনে আজ শুক্রবার (৬ মার্চ) বিক্রি হচ্ছে ১৬ মার্চের ঈদযাত্রার টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩ ও ১৪ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩ ও ৪ মার্চ। এছাড়া ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। 

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

টিকিট কেনার পদ্ধতি

যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকিট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

এমআই