images

জাতীয়

৬০টি আসনে ভোট পড়ছে ৭০ শতাংশের বেশি

মো. মেহেদী হাসান হাসিব

০৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬০টি আসনে ভোট পড়েছে ৬০ শতাংশের বেশি। নির্বাচন কমিশনের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ভোট গ্রহণ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন(ইসি)। যার মধ্যে ৬০টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৭৮ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে চুয়াডাঙ্গা-২ আসনে আর সর্বনিম্ন ৩৭ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে ঢাকা-১২ আসনে।

এ বিষয়ে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ৭০ শতাংশ ভোট পড়ার বিষয়টি অস্বাভাবিক কিছুই না। এবারের নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। সুতরাং ৭০ শতাংশের বেশি ভোট পড়লেও তা অস্বাভাবিক কিছুই না। অতীতে এরচেয়ে অনেক বেশি হার রয়েছে। 

যে ৬০টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে- পঞ্চগড়-১, পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২, ঠাকুরগাঁও-৩, দিনাজপুর-১, দিনাজপুর-২, দিনাজপুর-৪, দিনাজপুর-৫, দিনাজপুর-৬, নীলফামারী-২, নীলফামারী-৩, লালমনিরহাট-১, জয়পুরহাট-১, জয়পুরহাট-২, বগুড়া-২, বগুড়া-৩, বগুড়া-৪, বগুড়া-৫, বগুড়া-৬, বগুড়া-৭, চাঁপাইনবাবগঞ্জ-১, চাঁপাইনবাবগঞ্জ-২, নওগাঁ-১, নওগাঁ-২, নওগাঁ-৩, নওগাঁ-৪, রাজশাহী-১, রাজশাহী-৩, রাজশাহী-৪, রাজশাহী-৬, নাটোর-১, নাটোর-২, নাটোর-৩, নাটোর-৪, সিরাজগঞ্জ-৪, পাবনা-১, পাবনা-৩, পাবনা-৪, মেহেরপুর-১, কুষ্টিয়া-২, কুষ্টিয়া-৩ , কুষ্টিয়া-৪, চুয়াডাঙ্গা-১, চুয়াডাঙ্গা-২, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৩, ঝিনাইদহ-৪, যশোর-১, যশোর-২, যশোর-৪, যশোর-৫, যশোর-৬, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-৫, সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২,৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হলে এই আসনের ফলাফল ঘোষণা করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি, যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একইদিনে বগুড়া-৬ আসনেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে এবার অংশ নিয়েছে ৫০টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। বিএনপির নারী প্রার্থী ১০ জন। জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী দলগুলোর কোনো নারী প্রার্থী ছিল না।

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ১,২৩২ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দিতে পারেনি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামি আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন—প্রতিটি দল পেয়েছে ১টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

এমএইচএইচ/এআর