images

জাতীয়

নৌ-পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছসহ আটক ২৮১

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

‎সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ২৮১ জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করেছে নৌ-পুলিশ।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) নৌ-পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) মারুফা ইয়াসমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

মারুফা ইয়াসমিন জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫২৩ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা, ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৭৩টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

‎নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।

‎তিনি আরও জানান, সাত দিনব্যাপী এই অভিযানে ২৮১ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং ৪৭টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দূষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭১টি মামলা দায়ের করা হয় এবং ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।

‎এছাড়াও, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

‎একেএস/এএস