নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ছড়িয়ে পড়া সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমানবন্দরে।
সবশেষ বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ থেকে পরিচালিত বিভিন্ন এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে ২১০টি ফ্লাইট বাতিল হয়।
এরআগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়।
আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতারের চারটি, কুয়েতের চারটি, জাজিরার (কুয়েত) চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলার দুটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এমআই