images

জাতীয়

তুরাগে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

রাজধানীর তুরাগে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- নূরে আলম বাঘ (৪৭) ও রাসেল মাদব্বর ওরফে রাসেল ইসলাম জনি (২৫)। 

তুরাগ থানা সূত্রে জানা যায়, তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের একটি ফ্ল্যাটে ভুক্তভোগী রেজিনা মমতাজ (৫৯) তার স্বামীর সঙ্গে বসবাস করতেন। গত সোমবার রাতে তার স্বামী তারাবির নামাজ আদায়ের জন্য বাসা থেকে বাইরে যায়। 

রাত সোয়া ৯টায় বাসায় ফিরে তার স্বামী দরজা খুলে দেখতে পান যে, রেজিনার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ও নাক-মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ঘরের মালামাল এলোমেলো। পরবর্তীতে দ্রুত তাকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, রাত সোয়া আটটায় মুখোশধারী অজ্ঞাত দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে রেজিনাকে হাত-পা বেঁধে ও নাক-মুখে স্কচটেপ প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের নাকফুল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা হয়।

পরবর্তীতে তুরাগ থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে নূরে আলমকে তুরাগের ১৫ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি অফিস থেকে লুণ্ঠিত এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি পিতলের নাকফুল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ ও ভাঙা চশমা উদ্ধার করা হয়। 

একই দিন সন্ধ্যায় উত্তরা উত্তর মেট্রো স্টেশন এলাকা থেকে মো. রাসেল মাদব্বর ওরফে রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

এমআইকে