images

জাতীয়

তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় মশক নিয়ন্ত্রণ জোরদার করা, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ— এই তিন বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
 
বুধবার (৪ মার্চ) নগরভবনের সম্মেলনকক্ষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় তিনি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্ব দিয়ে এসব খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
 
ডিএনসিসি প্রশাসক বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণ কার্যক্রমকে নিয়মিত তদারকির আওতায় আনতে হবে। 
 
তিনি আরও বলেন, প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে রাস্তায় যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে কি না এবং ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দেন তিনি।
 
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে এবং কর্মীরা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।
 
তিনি আরও জানান, খাল ও ড্রেন পরিচ্ছন্নতার কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। নিয়মিত পরিষ্কার কার্যক্রম বজায় রাখতে পারলে মশার উপদ্রব অনেকাংশে কমবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ সহজ হবে।
 
সভায় এয়ারপোর্ট রোড, মিরপুর রোডসহ সম্ভাব্য জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রশাসক। তাঁর মতে, সময়মতো পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নই নগর সমস্যার টেকসই সমাধানের পথ খুলে দেবে।
 
এএইচ/এফএ