নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, সময়োপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদফতরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন এখন সময়ের দাবি।’
মন্ত্রী জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কর্মসম্পাদন নির্দেশক প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। তবে খাতটির সামগ্রিক উন্নয়নে আরও গভীর বিশ্লেষণ প্রয়োজন। তিনি বলেন, কোথায় ঘাটতি আছে তা চিহ্নিত করে দ্রুত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। শিল্পখাত ও একাডেমিয়ার সমন্বয়ে এখনও কিছু দুর্বলতা রয়েছে। বাজারমুখী কারিকুলাম প্রণয়ন এবং প্রশিক্ষণের মানোন্নয়নে এই ঘাটতি কাটিয়ে ওঠা জরুরি।
মন্ত্রী বলেন, কারিগরি, ভোকেশনাল ও পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা যেন সরাসরি কর্মক্ষেত্রে যুক্ত হতে পারে, সে লক্ষ্যেই পাঠ্যক্রম পুনর্বিন্যাস প্রয়োজন।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজ নিজ দফতর, প্রকল্প ও প্রতিষ্ঠানে উন্নয়নমূলক উদ্যোগ চিহ্নিত করে কাজ শুরু করতে হবে। সৃজনশীলতা ও দায়িত্ববোধ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।’
মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ এখান থেকেই ভবিষ্যৎ মানবসম্পদ তৈরি হয়। প্রায় ১৮ কোটি মানুষের দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা বড় চ্যালেঞ্জ হলেও এটিই সবচেয়ে বড় সম্ভাবনা।
তিনি বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশে জনসংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই জনশক্তিকে দক্ষতায় রূপান্তর করা গেলে তা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান শক্তিতে পরিণত হবে।’
মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ জোরদার করা হবে। বিদেশে চাহিদাসম্পন্ন দক্ষতার সঙ্গে মিল রেখে প্রশিক্ষণ কার্যক্রম সাজানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, গতানুগতিকভাবে কাজ করলে চলবে না; নতুন উদ্যম, দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভা শেষে দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এমআর/এমআই