images

জাতীয়

এনআইডি সংশোধনে অনিয়ম, টুঙ্গিপাড়ার ইসি কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম

নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৩ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদের (প্রাক্তন কার্যালয়, বাবুগঞ্জ, বরিশাল) বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৩/২০২৫ রুজু করা হয় এবং তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এজন্য অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান অনুযায়ী মো. হারুন অর রশিদ উপজেলা নির্বাচন অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জকে (প্রাক্তন কার্যালয় বাবুগঞ্জ, বরিশাল) চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন, একই সঙ্গে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। 

এমএইচএইচ/এএইচ