নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর ব্যস্ততার কারণে পেন্ডিং থাকা স্থানীয় তদন্ত দ্রুত সম্পন্ন করে আবেদনগুলো নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে ইসি।
মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে চিঠিটি সব থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব পর্যায়ের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের প্রচেষ্টার ফলেই নির্বাচনটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, বিভিন্ন হাইকমিশন, দূতাবাস, কনস্যুলেট ও মিশন অফিসে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এসব অফিসে বায়োমেট্রিক প্রদানকারী ভোটারদের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিস সম্পন্ন করে থাকে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারদের অসংখ্য আবেদন তদন্তের অপেক্ষায় রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।
চিঠিতে নির্দেশ দিয়ে বলা হয়েছে, যেসব প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন স্থানীয় তদন্তের কারণে পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন ৪০টি দেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছিল। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ১১টি দেশে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্রে—ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
অবশিষ্ট ২৯টি দেশে—ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাসে—অগ্রাধিকারভিত্তিতে এ কার্যক্রম শুরু করা হবে।
এমএইচএইচ/এআর