images

জাতীয়

ঈদযাত্রায় ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের মধ্যে টিকিট সংগ্রহের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতেও ছিল বাড়তি ভিড়। তবে অনেক যাত্রী অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহে ঝুঁকছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

গত শনিবার বাস মালিকদের সংগঠন 'বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন' অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেয়। সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ মার্চ থেকে ঈদযাত্রা শুরু ধরে নিয়ে আজ মঙ্গলবার ভোর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।

কাউন্টার বা অনলাইন প্ল্যাটফর্ম সবক্ষেত্রেই বিআরটিএ নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। তিনি আরও যোগ করেন, প্রতিটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো থাকবে এবং এর বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

অন্যদিকে, ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও আজ থেকে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। বাস কোম্পানিগুলো কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারছেন।

এমআই