images

জাতীয়

ভোরে বাস, সকালে রেল: শুরু হলো ঈদযাত্রার ‘টিকিট যুদ্ধ’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৬:৫০ এএম

আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম বাস ও ট্রেনের টিকিট বিক্রি। ভোর থেকেই বিভিন্ন পরিবহন কোম্পানি বাসের টিকিট বিক্রি শুরু করেছে। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ে সকাল ৮টা থেকে তাদের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করবে। বাসের টিকিট কাউন্টার ও অনলাইন উভয় মাধ্যমেই পাওয়া গেলেও ট্রেনের টিকিট মিলবে শতভাগ অনলাইনে।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০ অথবা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। মুসলমানদের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও ঢাকা ছাড়বেন কয়েক কোটি মানুষ। সেই হিসেব মাথায় রেখেই আজ থেকে শুরু হচ্ছে টিকিট প্রত্যাশীদের কাঙ্ক্ষিত প্রতিযোগিতা বা ‘টিকিট যুদ্ধ’।

গত শনিবার বাস মালিকদের সংগঠন 'বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন' অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেয়। সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ মার্চ থেকে ঈদযাত্রা শুরু ধরে নিয়ে আজ মঙ্গলবার ভোর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।

কাউন্টার বা অনলাইন প্ল্যাটফর্ম সবক্ষেত্রেই বিআরটিএ নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। তিনি আরও যোগ করেন, প্রতিটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো থাকবে এবং এর বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

অন্যদিকে আজ মঙ্গলবার সকালে আগামী ১৩ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে অগ্রিম কার্যক্রম শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, ধারাবাহিকভাবে মোট সাতদিন এই টিকিট বিক্রি চলবে। প্রতিদিন পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ৪ মার্চ (বুধবার) পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট; ৫ মার্চ (বৃহস্পতিবার) পাওয়া যাবে ১৫ মার্চের; ৬ মার্চ (শুক্রবার) ১৬ মার্চের; ৭ মার্চ (শনিবার) ১৭ মার্চের; ৮ মার্চ (রোববার) ১৮ মার্চের এবং ৯ মার্চ (সোমবার) পাওয়া যাবে ১৯ মার্চের টিকিট। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার এবং প্রতিবার সর্বোচ্চ চারটি করে টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। ঈদযাত্রার পর যথাসময়ে শুরু হবে ফিরতি যাত্রার টিকিট বিক্রি।

এএম/একেবি