জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, জুলাইয়ের সংগ্রামে আহত ও শহীদ পরিবারগুলোর কল্যাণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর’ গঠন করা হয়েছে। এ পরিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কল্যাণ ও পুনর্বাসনে বিভিন্ন স্কিম নেওয়া হয়েছে। যেসব শহীদ পরিবারের সন্তান স্কুল থেকে ঝরে পড়েছে, তাদের আবার শিক্ষাভাতা দিয়ে পড়াশোনায় ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, যাদের হাত-পা হারিয়েছেন বা কর্মক্ষমতা কমে গেছে, তাদের জন্য ছোট আকারের ব্যবসা চালুর সুযোগ তৈরি করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী শিক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, কোনো শিশুই যেন পিতৃহারা হওয়ার কারণে শিক্ষার বাইরে না চলে যায়।
হাফিজ উদ্দিন আহমদ জানান, আহতদের ক, খ ও গ— এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুতর আহতদের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। ক শ্রেণির জন্য প্রায় ২০ হাজার টাকা, খ শ্রেণির জন্য ১৫ হাজার টাকা এবং গ শ্রেণির জন্য নির্ধারিত হারে ভাতা দেওয়া হচ্ছে। শহীদ প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে। জুলাই যোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ও সচেতন। তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এমআইকে/এফএ