নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির সরকারি ডাকযোগে এ চিঠি পাঠান। চিঠিতে তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার অনুরোধ জানান।
চিঠিতে যা বলা হয়েছে
চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া বিগত সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং পরবর্তী সময়ে এ বিষয়ে অনুশোচনাও প্রকাশ করেননি বলে অভিযোগ তোলা হয়।
আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে খাটো করেছেন এবং ঘটনাবলির বর্ণনায় অসত্য তথ্য উপস্থাপন করেছেন। এতে তিনি সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন বলেও দাবি করা হয় চিঠিতে।
বিকল্প প্রস্তাব
চিঠিতে প্রস্তাব করা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যথায় প্রধানমন্ত্রী তার সুবিধামতো সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
চিঠির শেষাংশে বলা হয়, এ অনুরোধ কেবল ব্যক্তিগত অবস্থান নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি।
এমআর/এফএ