images

জাতীয়

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে যুবক অপহরণ, গ্রেফতার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ডাকাতি ও হানিট্র্যাপের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা-পুলিশ। গ্রেফতাররা হলেন—শাহাপরান (৩০), আফজাল হোসেন (৪০), হানিফ (৪০), সাগর হাওলাদার (২৮), নাসিফ অঙ্কন (২৮) ও ফরহাদ সোহান (৩৩)।

খিলক্ষেত থানা সূত্র জানায়, জসীম উদ্দিন নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে হাফিজা নামের এক তরুণীর পরিচয় হয়। হাফিজা তার মোবাইল নম্বর দিয়ে নিয়মিত যোগাযোগ করে বন্ধুত্ব গড়ে তোলেন। গত শনিবার রাতে হাফিজা খিলক্ষেত রাজউক মার্কেটের উত্তর পাশের গেটে দেখা করার কথা বলেন। জসীম সেখানে অপেক্ষা করলে গ্রেফতার সাগর, অঙ্কন ও ফরহাদ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। হাফিজা রাজউক মার্কেটের চতুর্থ তলার একটি রেস্টুরেন্টে আছেন বলে তাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাফিজাকে সন্দেহ হলে জসীম যেতে অস্বীকার করলে গ্রেফতাররা তাকে জোর করে আটক করে মারধর করে রেস্টুরেন্টে নিয়ে যায়। পরে সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ এক হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা মোবাইল ও লাইসেন্স রেখে দেয় এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেয়। পরে ২০ হাজার টাকা দিয়ে মোবাইল ফেরত নেওয়ার কথা বলে। এ ঘটনায় জসীম খিলক্ষেত থানায় একটি মামলা করেন।

পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় রাজউক মার্কেটের সামনে থেকে সাগর হাওলাদার ও নাসিফ অঙ্কনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ সোহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা ও পলাতক হাফিজা একটি সংঘবদ্ধ প্রতারণা ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের নামে ভুয়া প্রোফাইল খুলে যুবকদের টার্গেট করত বলে স্বীকার করেছে।

অন্যদিকে গত শুক্রবার ভোরে খিলক্ষেত থানাধীন লেকপাড়-সংলগ্ন পাকা সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় শাহাপরান, আফজাল হোসেন ও হানিফকে গ্রেফতার করে খিলক্ষেত থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি মিনি ট্রাক ও নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইকে/এআর