নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দায়িত্ব ও জবাবদিহির জায়গা থেকে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দিনরাত কাজ করছে সিটি করপোরেশন। আরামদায়ক চেয়ারে বসে সময় কাটানো আমাদের কাজ নয়; মাঠপর্যায়ে থেকে কাজের দৃশ্যমান ফল নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।
রোববার (১ মার্চ) বিকেলে কড়াইল বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, এ জন্য একটি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই নগরবাসী এর সুফল দেখতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেই বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরের রাস্তাঘাট সংস্কার, লেক সংরক্ষণ এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, তা পূরণে নিরলসভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। তিনি জানান, কড়াইল বস্তি এলাকায় পরিবারভিত্তিক কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। প্রাপ্য ব্যক্তিরা বিনা মূল্যে কার্ড পাবেন এবং সরাসরি তাঁদের হিসাবে অর্থ পাঠানো হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা ঘুষ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এলাকার লেক ও ফুটপাত ঘুরে দেখা হয়েছে। ধাপে ধাপে মশামুক্ত পরিবেশ ও দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/এআর