Dhaka Mail Logo

জাতীয়

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণা, ইফার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

বিএনপি নেতৃত্বাধীন সরকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এর মধ্যেই একটি চক্র প্রতারণা শুরু করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাবধান করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

রোববার (১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী প্রদানের প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। এই প্রতারক চক্র সম্মানী পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে  অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

আরও পড়ুন

‘সম্মানের পেশায়’ নামমাত্র বেতন, ইমাম-মুয়াজ্জিনদের মানবেতর জীবনযাপন!

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রকৃত তথ্য হলো- সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসকল মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানী প্রদানের নিশ্চয়তা বহন করে না।

এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

জেবি