images

জাতীয়

ভোটার দিবস ২ মার্চের পরিবর্তে পহেলা মার্চ চায় ইসি, মন্ত্রিপরিষদে চিঠি

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম

জাতীয় ভোটার দিবস ২ মার্চের পরিবর্তে পহেলা মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ নির্ধারণে মন্ত্রিপরিষদে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আখতার আহমেদ বলেন, ২ মার্চের পরিবর্তে আমরা পহেলা মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদে চিঠি দিয়েছি। চিঠির সিদ্ধান্তর পর ভোটার দিবস কবে হবে জানা যাবে।

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালন করা হলেও ১ মার্চ ‘বীমা দিবস’ থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণা করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬০টি।  সর্বশেষ তথ্যানুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। 

এমএইচএইচ/এএস