মহিউদ্দিন রাব্বানি
০১ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজধানীর অন্যতম বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজন করেছে জমকালো ইফতার, ডিনার ও সাহরির বিশেষ আয়োজন। পুরো রমজানজুড়ে হোটেলের এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে প্রতিদিন থাকছে সমৃদ্ধ বুফে ইফতার ও ডিনার। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিশেষ বুফে সাহরির ব্যবস্থাও রাখা হয়েছে।
২৫০ এর বেশি আইটেমের খাবারে সাজানো হোটেল ইন্টারকন্টিনেন্টালের বুফে ইফতার ও সাহরির আয়োজন। বিশেষ আকর্ষণ কাবুলি ফেশওয়ারি মাটন, হায়দ্রাবাদীসহ একেক দিন একেক দেশের ও স্বাদের বিরিয়ানি। রয়েছে শাহী মাটন হালিম, নেহারি ও জাফরান জিলাপিসহ নানা সুস্বাদু খাবার।
মধ্যপ্রাচ্য থেকে দেশীয় স্বাদ
এবারের মেন্যুতে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় নানা পদ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যারাবিয়ান ল্যাম্ব ওজি, ইজিপশিয়ান ল্যাম্ব কোফতা, মরোক্কান চিকেন টেগিন, লেবানিজ শিস তাউক, ইরানিয়ান ফিশ কাবাব, ল্যাম্ব শ্যাঙ্ক ও গ্রিলড জাম্বো প্রনসহ বিভিন্ন ধরনের কাবাব।
দেশীয় স্বাদের মধ্যে থাকছে কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি, বিফ তেহারি, শাহি মাটন হালিম, নেহারি এবং জাফরান জিলাপি। বিশেষ আকর্ষণ হিসেবে একেক দিন ভিন্ন দেশের বিরিয়ানি পরিবেশন করা হবে, যেমন কাবুলি পেশাওয়ারি ও হায়দ্রাবাদি বিরিয়ানি।
ডেজার্ট সেকশনে রয়েছে বাকলাভা, বাসবুসা ও কুনাফার মতো ঐতিহ্যবাহী মিষ্টান্ন। পাশাপাশি লাইভ জিলাপি স্টেশনে শেফদের হাতে তৈরি করা হবে এলাচি, রেশমি, ঘিয়ে ভাজা ও দারুচিনি স্বাদের জিলাপি। পানীয়ের তালিকায় থাকবে ১২ থেকে ১৩ ধরনের জুস, স্মুদি, লাচ্ছি ও ইনফিউজড ওয়াটার।

মূল্য ও অফার
বুফে ইফতার ও ডিনারের মূল্য জনপ্রতি ১০,৫০০ টাকা (নেট)। বৃহস্পতিবার ও শুক্রবার রাতের সেহরির মূল্য ৭,০০০ টাকা (নেট)। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে ‘বাই ওয়ান গেট টু’ এবং ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার থাকছে। ফলে অফারের আওতায় একজনের মূল্যে চারজন পর্যন্ত ইফতার করার সুযোগ মিলতে পারে।
নির্দিষ্ট ব্যাংকের কার্ডে লাক্সারি ইফতার বক্সে বিশেষ অফার পাওয়া যাবে। পাশাপাশি ব্রাক ব্যাংক পিএলসি কার্ডধারীরা ইফতারের আ-লা-কার্ট মেন্যু ও লাক্সারি ইফতার বক্সে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ জামশেদ জানান, ২৫০টির বেশি আইটেম দিয়ে সাজানো হয়েছে এবারের বুফে। সিট থাকা সাপেক্ষে আগাম বুকিং গ্রহণ করা হচ্ছে। বক্স অর্ডারের ক্ষেত্রে দুপুর ২টার মধ্যে নিশ্চিত করতে হবে।
মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন বলেন, বুফে ইফতার ও ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১০,৫০০ টাকা (নেট)। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘একটি কিনলে একটি ফ্রি’, ‘একটি কিনলে দুটি ফ্রি’ এবং ‘একটি কিনলে তিনটি ফ্রি’ সুবিধা। বৃহস্পতিবার ও শুক্রবার রাতের বুফে সেহরির মূল্য জনপ্রতি ৭,০০০ টাকা (নেট)। সাহরিতেও নির্দিষ্ট ব্যাংক কার্ডে বিশেষ ছাড় প্রযোজ্য হবে।

কেজি দরে বিশেষ আইটেম
হোটেল থেকে আলাদাভাবে খাবার কিনতেও পারবেন অতিথিরা। প্রতি কেজি জিলাপির দাম ২,৫০০ টাকা। এ ছাড়া গুড়ের সন্দেশ ২,০০০ টাকা, মেদজুল খেজুর ৪,০০০ টাকা, প্রন টেম্পুরা ৬,০০০ টাকা ও ল্যাম্ব শ্যাঙ্ক ৬,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাটন হালিম ৩,০০০ টাকা এবং বিফ তেহারি ২,৫০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। বাকলাভা ও কুনাফা ৫,০০০ টাকা এবং বাসবুসা ৩,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

লাক্সারি ইফতার বক্স
ঘরে বসেই ইফতার উপভোগ করতে চার ধরনের লাক্সারি ইফতার বক্স রাখা হয়েছে— অ্যাম্বার, ক্রিস্টাল, পার্ল ও রুবি (পারিবারিক প্ল্যাটার)। বক্সের মূল্য ৬,৫০০ থেকে ১৬,৫০০ টাকার মধ্যে, যা দুই থেকে চারজনের জন্য উপযোগী। হোটেল থেকে সংগ্রহ কিংবা হোম ডেলিভারির মাধ্যমে এসব বক্স পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ছাড়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যসম্মত পরিবেশে অভিজ্ঞ শেফদের তত্ত্বাবধানে খাবার প্রস্তুত করা হচ্ছে। কন্টিনেন্টাল, মেডিটেরেনিয়ান, মিডল ইস্টার্ন, আফ্রিকান, ইন্ডিয়ান ও চাইনিজসহ বিভিন্ন ধাঁচের ফিউশন মেন্যু যুক্ত করা হয়েছে এবারের আয়োজনে।
উচ্চমূল্যের এই আয়োজন ঘিরে ইতোমধ্যে আগ্রহ দেখা গেছে অতিথিদের মধ্যে। ব্যাংক কার্ডের অফার কাজে লাগিয়ে তুলনামূলক কম খরচে বিলাসী ইফতার উপভোগের সুযোগকেই অনেকেই আকর্ষণীয় হিসেবে দেখছেন।
এমআর/এফএ