নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী মঙ্গলবার (৩ মার্চ) তিনদিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এটিই হবে যুক্তরাষ্ট্র থেকে কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক হয়। সেই বৈঠকেই পল কাপুরের ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
জানা গেছে, ৩ থেকে ৫ মার্চ পল কাপুর ঢাকা সফর করবেন। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে তার এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন। এরপর গত অক্টোবর মাসে তার এ নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
দক্ষ এ কূটনীতিকের ঢাকা সফর মূলত বাংলাদেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্বের বিষয়ে আলোকপাত করবে।
এসএইচ/এফএ