images

জাতীয়

রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে নিয়মিত ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ রোববার (১ মার্চ) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।

রোববার সংস্থাটির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট পথে যাত্রীদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রার প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের উড়োজাহাজ ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। সেখানে সংস্থাটির নিবন্ধন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে বলা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহার পথে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব গন্তব্যে পুনরায় উড়োজাহাজ চালুর বিষয়ে যাত্রীদের জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উড়োজাহাজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


এমআর/এফএ