নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি), যা রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম পরিপত্র জারি করেন।
এতে বলা হয়েছে, জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে সংবিধানের ৬৬(১)(২) ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদের ‘প্রজাতন্ত্রের কর্ম’ ও ‘সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ’র ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১২(১) এর উপ-দফান (কক) তিনি আদালত কর্তৃক ফেরারী বা পলাতক আসামি হিসাবে ঘোষিত হইয়া থাকেন, উপ-দফা (গ) তিনি প্রজাতন্ত্রের বা কোনো
সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, উপ-দফা (ড) অনুযায়ী কোম্পানীর পরিচালক বা ফার্মের অংশীদার হন (যাহা) কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
কিন্তু অনুচ্ছেদ ১২ এর দফা (১) এর উপ-দফা (ঠ) কৃষি কাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে ব্যাংক হতে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। সেইসঙ্গে উপ-দফা (ঢ) অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে প্রদেয় সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
অনুচ্ছেদ ১২(৩খ) উপ-দফা (২) এর অধীন প্রত্যেক মনোনয়নপত্রের সহিত প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত একটি হলফনামা যাহার সহিত সর্বশেষ করবছরের আয়কর রিটার্নের কপি সংযুক্ত করিয়া দাখিল করিতে হইবে। এছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস্) আইন, ১৯৭৩ এর ৯(১) ধারা মতে কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলে ওই ব্যক্তি একই আইনের ২০সি (১)(এ) ধারা মোতাবেক সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য পদে বহাল থাকার অযোগ্য হবেন।
তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।
এমএইচএইচ/এএইচ