জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইট স্থগিত করেছে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইটও আপাতত স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা করে।
এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরও বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে।
এ বিষয়ে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।
এদিকে বিমানের বিজি৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ বিভিন্ন রুটে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে কিছু নির্দেশনাও দিয়েছে।
ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিম অবহিত করতে হবে।
সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।
পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।
ওইসব রুটসমূহে ভ্রমণের পরিকল্পনায় থাকা সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।
যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে ইরানে একযোগে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। ইসরায়েলসহ যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে, সবখানেই ইতোমধ্যে হামলা চালিয়েছে দেশটি।
বতর্মানে হামলা-পাল্টা হামলার মধ্যে চলছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় গোটা বিশ্ব।
এমআইকে/এএইচ