নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে কাটা দুই হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররমের পাশ থেকে হাত দুটি উদ্ধার করে পুলিশ।
কাটা হাত ও পা উদ্ধারের পর পুলিশ সেগুলো ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। হাত-পা উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো। তার বাড়ি নরসিংদির শিবপুর এলাকায়। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
একেএস/এএস